প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসির উদ্যোগ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসির উদ্যোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো প্রবাসীরা ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দিতে পারবেন। এ প্রক্রিয়ায় অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

মাথাপিছু ব্যয় ৭০০ টাকা

ইসি জানিয়েছে, প্রবাসীদের ভোটগ্রহণ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। ভোটারপ্রতি ব্যয় হবে আনুমানিক ৭০০ টাকা।

কীভাবে হবে ভোট

  • প্রবাসী ভোটাররা অনলাইনে নিবন্ধন করবেন।

  • নিবন্ধনের শর্ত হলো সচল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।

  • ভোটের অন্তত ২০ দিন আগে ডাকযোগে ব্যালট পাঠানো হবে।

  • ভোটার ব্যালট পূরণ করে নির্ধারিত খামে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠাবেন।

  • সেসব ব্যালট সংশ্লিষ্ট জেলার ট্রেজারিতে সংরক্ষিত থাকবে এবং নির্বাচনের দিন দেশের ভোটের সঙ্গে একযোগে গণনা হবে।

ইসি জানায়, প্রায় ৪০টি দেশে এ প্রক্রিয়া চালু করা হবে। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক প্রবাসী—৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রবাসী আছেন নিউজিল্যান্ডে, মাত্র আড়াই হাজার।

প্রধান দেশগুলোর মধ্যে রয়েছে—
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

ইসি অনুমান করছে, বর্তমানে ৭০ শতাংশ প্রবাসীর জাতীয় পরিচয়পত্র আছে। তাদের মধ্যে অন্তত ৫০ শতাংশ ভোটদানে সাড়া দেবেন—এমন আশা করছে কমিশন।

এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন।

Related Articles