পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীত শেষে প্রকৃতিতে এসেছে বসন্ত। প্রকৃতিতে বইছে ভিন্ন আমেজ। আর এর মধ্যেই হঠাৎ বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলো ঢাকা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে, ওঠে রোদ। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তবে সন্ধ্যার পর থেকে আকাশে দেখা দেয় খণ্ড খণ্ড মেঘ। এরপর এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়েছে রাজধানী। যা গরমের পাশাপাশি ধুলায় ধূসর নগরবাসীকে এনে দিয়েছে খানিক স্বস্তি।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি নামে। এ সময় রাজধানীর শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, পল্টন, পান্থপথ, শুক্রবাদ, ধানমন্ডির কিছু অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নীলক্ষেতসহ বেশ কিছু এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিন দেশের আরও কয়েক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে সকালের কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বাতাসে থাকা ধূলিকণার আধিক্য এবং সাগর থেকে আসা আর্দ্রতা মিলে এমন অবস্থা সৃষ্টি করেছে। এটি মেঘ নয়। সাগরে উচ্চচাপ বলয় আছে। এতে বৃষ্টির সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। সন্ধ্যা নামতেই সেই সম্ভাবনা সত্যি হলো।


