ফুলপুরে জলাবদ্ধতায় কৃষকের হাহাকার

ফুলপুরে জলাবদ্ধতায় কৃষকের হাহাকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে জলাবদ্ধতার কারণে কৃষিকাজ বাধাগ্রস্ত, ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় হাহাকার করছেন দরিদ্র কৃষকরা। কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে মৎস্য খামারের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষি আবাদি জমি ও ক্ষেতের ফসল। এসব ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। ভুক্তভোগীরা বলছেন, আনুমানিক আড়াই লাখ টাকা খরচ করে পাইপলাইন ব্যবস্থা করলে পানি নিষ্কাশন সম্ভব। এতে তাদের প্রতি বছর ১৫-২০ লাখ টাকার ফসল ক্ষতি থেকে রক্ষা পাবে। আব্দুল মালেক জানান, পাইপ স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা সম্ভব। এজন্য তারা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেয়া করা হয়নি।

জানা যায়, রঘুরামপুর গ্রামের মধ্যবর্তী খরিয়া নদীর কাছে বুধি বাইদ নামে ৮-১০ একর আবাদি জমিতে ধান ও বিভিন্ন শাকসবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকরা। নতুন নতুন মৎস্য খামার হওয়ায় গত কয়েক বছর আগে এসব জমির অতিরিক্ত পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যায়। ভারী বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ধান ও শাকসবজির আবাদ অসম্ভব হয়ে পড়েছে। ফলে অনেক দরিদ্র কৃষক আবাদের একমাত্র জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। কৃষক হোসেন আলী জানান, তিনি জমিতে আমন ধান আবাদ করেন। পাশাপাশি তিনি কিছু জমিতে সবজি (কাকরোলের) আবাদ করেছেন। জলাবদ্ধতার কারণে তার সেই কাকরোল গাছ মরে গেছে, মোটা অঙ্কের ক্ষতির শিকার হয়েছেন তিনি। কৃষক চান মিয়া জানান, তিন একর জমি বীজতলাসহ পানিতে তলিয়ে আছে। এই জমির উপর তার পরিবার নির্ভরশীল।

Related Articles