বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু

বগুড়ায় রথযাত্রায় ৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)। তাদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। তার লাশ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ১০-১৫ মিনিটের মধ্যেই রথের সাথে সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি শ্রী শ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল।

বগুড়ার সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মিলাদুন্নবী প্রথম আলোকে বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে চারজনের লাশ রাখা আছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ৩৭ জন।
এ ছাড়া মোহাম্মদ আলী হাসপাতালেও আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, একজনের লাশ আছে মোহাম্মদ আলী হাসপাতালে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles