পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।
বৈঠকে তিনি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষযাদি আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্যও আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট রপ্তানির ৯০ শতাংশ তৈরি পোশাক।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের রফতানি বহুমুখীকরণ করতে হবে।’
বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।
গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ ২ দশমিক ৩ মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যে ২ মিলিয়ন টন অতিক্রম করেছে।
রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে এবং দেশের অভ্যন্তরে আরো পাঁচটি গ্যাস কূপ অনুসন্ধান করতে আগ্রহী। তিনি আরো জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে এলএনজি রফতানিতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
পাকিস্তান হাইকমিশনারের সাথে আলোচনা
বাসস জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপক্ষীয় প্ল্যাটফরমে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ সময় তাকে বলেন, ‘সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো সম্পর্কের মডেল হতে পারে। পারস্পরিক স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশে চলমান বন্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। হাইকমিশনার পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে ভিসা প্রক্রিয়া সহজ এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থায় সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন এ হাইকমিশনার।
সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।


