বাগেরহাটে বাসচাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

বাগেরহাটে বাসচাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ইজিবাইক চালক মজনু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহতরা হলেন: সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার, একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)। তাদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।

পুলিশ জানায়, বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামে যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত ও আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা অশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Related Articles