বুধবার সচিবদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা

বুধবার সচিবদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের সব সচিবদের সাথে বৈঠকে বসছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী বুধবার বেলা ১১টায় তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকার গঠনের পর এটি সচিবদের সাথে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে।

বর্তমান প্রেক্ষাপটে সভাটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে।

মূলত সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান।
জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
বাসস জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এই মাসের শেষের দিকে জাতিসঙ্ঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘(তবে) প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’

উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন। তৌহিদ আরো বলেন, সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সাথে ইউএনজিএ-তে তার সফরসূচি নিয়ে আলোচনা করবেন। ইউনূস নিউ ইয়র্কে এ সফরকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। রেলওয়ে সেক্টরসহ ভারতের সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমঝোতা স্মারকগুলো বহাল রাখা আইনত বাধ্যতামূলক নয়। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সর্বদা পর্যালোচনার সুযোগ রয়েছে।

তেজগাঁওয়ে অফিস শুরু করলেন ড. ইউনূস : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল রোববার থেকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন।

শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবনসহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর হয়। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে। টানা ১৫ দিনব্যাপী সংস্কারকাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। এরই মধ্যে কার্যালয়ের বাইরে ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সব কর্মকর্তার বসার কক্ষও ঠিকঠাক করা হয়েছে।

Related Articles