বৃষ্টির দিনে ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর?

বৃষ্টির দিনে ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে রাজধানীতে ঝরছে বৃষ্টি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালেও বৃষ্টিতে ভিজছে ঢাকা। এ পরিস্থিতিতে শহরটির বাতাসে দূষণ মাঝারি অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ৬৭ স্কোর নিয়ে ৩৩ নম্বরে রয়েছে ঢাকা। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিলের সাও পাওলো শহর।

এছাড়া ১১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। আর ১১৭ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Related Articles