ভারতে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভ, জকিগঞ্জ বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভ, জকিগঞ্জ বন্দরে আমদানি-রফতানি বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের শ্রীভূমি (করিমগঞ্জের) সনাতনী ঐক্য মঞ্চ সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতের শ্রীভূমির শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন সনাতনী ঐক্য মঞ্চ নামে ভারতীয় এ সংগঠনের সদস্যরা। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।

এর আগে, সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি থেকে প্রায় ৬ মেট্রিক টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে শ্রীভূমিতে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশি আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

এ নিয়ে বাংলাদেশের জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।

এদিকে, ভারতের শ্রীভূমির একটি সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে বাংলাদেশের সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে রফতানি হওয়া পটেটো ও কেকসহ কিছু পণ্য সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা করিমগঞ্জে পুড়িয়ে ফেলেছে। এমনকি তারা বাংলাদেশি পণ্য বয়কটেরও ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের উত্তর আসামের এমএলএ কমলাখ্যা দে পুরকায়স্থ শ্রীভূমির জেলা প্রশাসককে একটি পত্রও দিয়েছেন।

তাতে তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুতারকান্দি সীমান্ত এবং শ্রীভূমি স্টিমারঘাট হয়ে নদীপথে বাংলাদেশের সঙ্গে রফতানি ও আমদানি বন্ধ করার অনুরোধ করছি। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় শ্রীভূমি জেলার মানুষের অনুভূতি তুঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে রফতানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।’

জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।’

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোনো পণ্য দীর্ঘদিন ধরে রফতানি হয় না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশি প্রাণ ও আকিজসহ কয়েকটি কোম্পানির পণ্য ভারতে যায় বলে নিশ্চিত করেন এ রাজস্ব কর্মকর্তা।

Related Articles