পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতার ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে খাবার সরবরাহকারীদের জন্য নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ বছর পরিষেবা প্রদানকারীদের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনুর পাশাপাশি দুটি অতিরিক্ত খাবার যোগ করার অনুমতি দেওয়া হয়েছে, যা মুসল্লিদের ইফতারের অভিজ্ঞতায় বৈচিত্র্য আনবে।
দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষের নির্ধারিত মেনুতে খেজুর, রুটি, দই, মোড়ানো টিস্যু ও পানি অন্তর্ভুক্ত থাকবে। তবে, এবার মদিনার খাবার সরবরাহকারীরা অতিরিক্ত হিসেবে বাদাম, কাপকেক, পাই, মামুল, ক্রিম বা স্টাফড খেজুর জাতীয় খাবার সরবরাহ করতে পারবেন।
পরিষেবার মান বজায় রাখতে, মদিনার ক্যাটারিং কোম্পানিগুলোকে তাদের তথ্য হালনাগাদ করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হজ ও ওমরাহ হজযাত্রীদের ক্যাটারিং সেবায় অভিজ্ঞ নিবন্ধিত সংস্থাগুলোই কেবল ইফতারের খাবার সরবরাহের অনুমতি পাবে। পাশাপাশি, কঠোর স্বাস্থ্যবিধি ও লজিস্টিক শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটি লাইসেন্সপ্রাপ্ত রেফ্রিজারেটেড যানবাহনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।
কর্তৃপক্ষ ইফতারসেবায় উচ্চ মান বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে মুসল্লিদের জন্য এক নির্বিঘ্ন ও সুন্দর ইফতারের অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।


