মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ‘মৃত্যুর গুজব’, যা জানাল আইএসপিআর

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ‘মৃত্যুর গুজব’, যা জানাল আইএসপিআর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আইএসপিআর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে শিশুটিকে নিয়ে ফেসবুকে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার ‘মৃত্যুর খবর’ জানিয়ে অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন।

এর মধ্যেই, শিশুটির চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।

শনিবার (৯ মার্চ) বিকেলে শিশুটিকে ঢামেক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এদিকে, মাগুরায় শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে রোববারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের সমাবেশ থেকে এক মাসের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার সম্পন্ন করাসহ ৫ দফা দাবি জানানো হয়েছে।

Related Articles