মেঘনায় অভিযান: ৭০ লাখ মিটার কারেন্ট জালসহ ৩৬ জেলে আটক

মেঘনায় অভিযান: ৭০ লাখ মিটার কারেন্ট জালসহ ৩৬ জেলে আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ ও ২টি ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত থেকে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেড়ির চর, মোক্তারিয়া, নিঝুম দ্বীপ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়ার সদস্যরা মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর, মুক্তারিয়া, নিঝুম দ্বীপসহ আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় করায় ২টি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির রহমান জানান, জব্দ করা জাল হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেয়া হয়।

Related Articles