পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোরে (ঢাকা-কালনা-যশোর-বেনাপোল) মহাসড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শুভ শেখ (২০) নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে মহাসড়কের লোহাগড়া রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটেছে।
শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের ইমরান শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের লিফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০) একই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ (২০) ও শাহাজান শেখের ছেলে আজিম শেখ (২০) মোটরসাইকেলযোগে তারা লোহাগড়া বাজার থেকে ধোপাদহ গ্রামে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ ছেলে কামাল মিয়া (৪৫) ও তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়ায় আসছিলেন।
পথিমধ্যে উপজেলার ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত শুভ শেখকে চিকিৎসক মারুফা তাসমিন মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ফকিরকে রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজিম শেখ লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কামাল মিয়া ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


