পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এসব অতিরিক্ত কোচ গত ৩ জুন যুক্ত হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত সেবা দেবে।
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন রুটে রেল চলাচল পুরোদমে শুরু হচ্ছে। আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেনগুলো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল উভয় জোনের অধীনে থাকা উল্লেখযোগ্য সংখ্যক ট্রেন আজ চলাচল করবে, যা ঈদের প্রথম দিনের বিরতির পর ভ্রমণকারীদের জন্য সুসংবাদ বয়ে আনছে। বিশেষ করে, রেল কর্তৃপক্ষ পূর্বাঞ্চলে বেশিভাগ আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং যাত্রীচাপ মোকাবিলায় অনেক ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।
জানা গেছে, পূর্বাঞ্চল জোনে ঈদের দ্বিতীয় দিনে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন চলবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পারাবত এক্সপ্রেস, তিস্তা, অগ্নিবীণা, এগারোসিন্ধুর, মহানগর, জয়ন্তিকা/উপবন, যমুনা, ব্রহ্মপুত্র, তূর্ণা, মেঘনা, পাহাড়িকা, উদয়ন, বিজয়, উপকূল, হাওর, কক্সবাজার, পর্যটক এক্সপ্রেস, সৈকত এবং প্রবাল এক্সপ্রেস।
এছাড়াও পূর্বাঞ্চলের সব মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চালু থাকছে, তবে ২২৪ নম্বর একটি ট্রেন বন্ধ থাকবে।
অন্যদিকে, পশ্চিমাঞ্চল জোনে ঈদের দ্বিতীয় দিনে রূপসা, সাগরদাঁড়ি, নকশিকাঁথা, চিত্রা, সীমান্ত, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বনলতা, পদ্মা, ধলেশ্বরী, মধুমতি এক্সপ্রেস, রাধিকা, লালমনি এবং রূপান্তর এক্সপ্রেসসহ আরো বেশ কিছু আন্তঃনগর ট্রেন পরিচালিত হবে। পশ্চিমাঞ্চলেও সব মেইল এক্সপ্রেস, কমিউটার ও লোকাল/মিক্সড ট্রেনগুলো সচল থাকবে।
যাত্রীসেবার মান বাড়াতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করেছে। পারাবত, তিস্তা, অগ্নিবীণা, উপবন, মেঘনা, পাহাড়িকা, জয়ন্তিকা, বিজয়, উপকূল, হাওর, রাধিকা, যমুনা, সৈকত, ব্রহ্মপুত্র, কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ৬০ থেকে ১১৫টি পর্যন্ত অতিরিক্ত আসন যুক্ত হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, এসব অতিরিক্ত কোচ গত ৩ জুন যুক্ত হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত সেবা দেবে।


