পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের ৫০ নম্বর হাইওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি চিকিৎসা পরিষেবায় ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে বিমান পরিবহন অপারেটর জানিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের ৫০ নম্বর হাইওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে কোনো রোগী ছিল না।
স্যাক্রামেন্টোর মেয়র কেভিন ম্যাককার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, মহাসড়কের পূর্ব দিকে শহরের ৫৯তম স্ট্রিটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ-এর। তারা একটি ইমেল বার্তায় বলেছে, ‘আমরা পরিস্থিতির বিস্তারিতসহ সংশ্লিষ্ট ক্রুদের অবস্থা খতিয়ে দেখছি। তাদের সবাইকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
সিবিএস নিউজ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে স্যাক্রামেন্টো অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
সূত্র : রয়টার্স


