যৌথ অভিযানে তিন দিনে ৫৩ অস্ত্র উদ্ধার

যৌথ অভিযানে তিন দিনে ৫৩ অস্ত্র উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সারা দেশে প্রায় চার শতাধিক থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল এবং লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া নির্দেশ দেয় সরকার।

এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে শুরু হয় পুলিশ-সেনাবাহিনী, বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান। চলমান এ অভিযানে গত তিন দিনে ঢাকাসহ সারা দেশে ৫৩টি অস্ত্র উদ্ধার হয়। অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এই সময়ের মধ্যে ২৫ জনেক গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে আজ পর্যন্ত মোট ৫৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রিভলবার দুটি, পিস্তল ১৮টি, রাইফেল দুটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।

এ অভিযান চলমান থাকবে বলেও জানায় পুলিশ সদরদফতর।

Related Articles