রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে নিত্যপণ্যের আমদানি বেড়েছে

রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে নিত্যপণ্যের আমদানি বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে নিত্যপণ্যের আমদানি। এলসি জটিলতা কাটিয়ে ডলার রেট স্বাভাবিক রাখা গেলে বাদাম, কিশমিশ, ছোলাসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানো সম্ভব বলছেন আমদানিকারকরা। এতে দামও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময় নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে বাদাম, কিশমিশ, ছোলাসহ বিভিন্ন পণ্যের আমদানি।

আমদানিকৃত পণ্য বিক্রি হচ্ছে বন্দর থেকেই। এরপর যাচ্ছে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ট্রাকে করে। রমজান উপলক্ষে আগামী মাসের শুরু থেকে কার্যক্রম আরও বাড়বে।

বর্তমানে ব্যাংকে ডলার রেট সহনীয় থাকার ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে বাড়বে পণ্যের আমদানি। আমদানিকারকরা বলছেন, বিগত কয়েকমাসে যে এলসি জটিলতা ও ডলার সংকট ছিল, তা বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বাড়বে আমদানি, কমবে পণ্যের দাম।

রমজানে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কাস্টমস কর্তৃপক্ষের। হিলি কাস্টমস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে দ্রুততার সঙ্গে পণ্য খালাস দেয়া হচ্ছে। রমজানে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

হিলি কাস্টমস ও বন্দরের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত ভারতীয় ৭৩ ট্রাকে ১ হাজার ৭২৮ মেট্রিক টন ছোলা, কিশমিশ, বাদাম ও নারিকেল আমদানি হয়েছে।

Related Articles