রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মালিবাগে বাস চাপায় পলাশ মোল্লা (৪৫) নামে মোটরসাইকেল আরোহী ও এলিফ্যান্ট রোডে মোটরসাইকেল ধাক্কায় আব্দুল মান্নান (৬১) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে পৌনে ৬ টার দিকে এই পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই রাত ৮ টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সৈয়দ জুলফিকার ও মো. ফয়সাল নামে দুই পথচারী জানান, মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের মালিবাগ চৌধুরীপাড়া ঢাল দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। এসময় সময় ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ বাসের নিচে আটকে পড়েন তিনি। তখন পথচারীরা মিলে তাকে বাসের নিচ থেকে বের করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি জব্দ করেছে এবং বাসের চালককে গণপিটুনি দিয়েছে।

মৃত পলাশ মোল্লার ভাতিজা রেজওয়ান শরীফ জানান, পলাশের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার চর-বল্লাহাটি গ্রামে। তার বাবার নাম আক্তার মোল্লা। ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে থাকেন। মতিঝিলে ‘বিনিময় মানি এক্সচেঞ্জ’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

এদিকে, এলিফ্যান্ট রোডে মোটরসাইকেল ধাক্কায় নিহত আব্দুল মান্নানের জামাত রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। থাকতেন রাজধানীর জিগাতলা তল্লাবাগ রোডে। এ্যালিফ্যান্ট রোডের বিএস ভবনে ‘পেন্টাগন টেইলার্স’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। তিন মাস আগে আব্দুল মান্নানের স্ত্রী নুরজাহান বেগম মারা গিয়েছেন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মার্কেটের আরেক টেইলার্স ব্যবসায়ী সোয়েব হোসেন জিতু জানান, ইফতারের আগ মুহূর্তে তিনি মার্কেট থেকে বের হয়ে রাস্তার বিপরীত পাশে যাচ্ছিলেন ইফতার সামগ্রী আনতে। তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের সাথে আটকে পড়ে প্রায় ১শ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় তাকে। পরে মোটরসাইকেল চালকও ছিটকে পড়ে। পরে তাদের দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছেন আহত ওই মোটরসাইকেল চালক। তার নাম পরিচয় জানা যায়নি।

Related Articles