রাশিয়া-সৌদি থেকে ৪৫২ কোটি টাকার সার কিনবে সরকার

রাশিয়া-সৌদি থেকে ৪৫২ কোটি টাকার সার কিনবে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৫২ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে মোট ৪৫২ কোটি ১ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

এই সারের মোট ক্রয় মূল্য ধরা হয়েছে ১১৮কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩২৩ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন ও বিএডিসি’র মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৫ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬৮৪ মার্কিন ডলার।