পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর লেবাননে হামলা আরও জোরদার করেছে দখলদার ইসরাইল। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র সংগঠনটি।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারও (২৮ সেপ্টেম্বর) তারা বৈরুতের দাহিয়েতে ‘নির্ভূল’ হামলা চালিয়েছে। তবে কার ওপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইলের হামলার পর বৈরুতে বিকট শব্দ শোনা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, হামলাটি বেশ বড় ছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় শনিবার অন্তত ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন।
ইসরাইলের দাবি, ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু শুধুই হিজবুল্লাহর ঘাঁটি। তবে, হামলায় সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতাসহ বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জীবনরক্ষায় ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। বাড়ছে আহাজারি।
এদিকে আগ্রাসনের জবাব দিতে পশ্চিম তীরে ইসরাইলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
অন্যদিকে, নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে ফেরার সময় নেতানিয়াহুকে হত্যাচেষ্টার দাবি করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তবে ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। নাসরুল্লাহর ত্যাগ বৃথা যাবে না বলে সতর্ক করেছে ইয়েমেনের এই বিদ্রোহীরা।
হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হিজবুল্লাহর প্রধানকে হত্যার নির্দেশ নিউইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


