শবগুজারিতে আল্লাহর নূর বণ্টন হয়: আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

শবগুজারিতে আল্লাহর নূর বণ্টন হয়: আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শবগুজারিতে আল্লাহ তাআলার পবিত্র নূর বণ্টন হয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ইদগাহের গ্র‍্যান্ড ইমাম, শায়খুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বৃহস্পতিবার (২৭ জুন) ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে শবগুজারির ইসলাহি বয়ানে তিনি একথা বলেন।

শবগুজারিতে অংশগ্রহণের উদ্দেশ্য ও লক্ষ্যের কথা তুলে ধরে এই আধ্যাত্মিক রাহবার বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আর আমাদের লক্ষ্য হলো একটি ঘরও যেন আল্লাহর জিকির থেকে খালি না থাকে। প্রতিটি ঘর যেন আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে।

প্রতিটি আমলের আগে নফসের হিসাব নিতে হবে উল্লেখ করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়্যতের উপর। নিয়্যত খাঁটি হলে আল্লাহর দরবারে সেই আমল কবুল হয়। নিয়্যত বিশুদ্ধ না হলে আল্লাহর দরবারে সেই আমল কবুল হয় না৷ তাই প্রত্যেক আমলের আগে নিজের নফসের হিসাব নিতে হবে। তেমনিভাবে শবগুজারিতে আসার নিয়্যতটাও বিশুদ্ধ হতে হবে। তবেই এখানে আসা সার্থক হবে।

প্রতিদিন বাড়িতে ২০-২৫ মিনিট জিকিরের হালকা করার আহবান জানিয়ে তিনি বলেন, অনেকের ঘরেই অশান্তি-বিশৃঙ্খলা লেগে থাকে। তারা প্রতিদিন ২০-২৫ মিনিট নিয়ম করে পরিবারের লোকদের নিয়ে জিকিরের হালকা করুন। বেশি না৷ মাত্র ২০-২৫ মিনিট। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে আর অশান্তি-বিশৃঙ্খলা থাকবে না।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আরও বলেন, আল্লাহর জিকিরের মধ্যে খারাবিকে দূর করার মহাশক্তি আছে৷ কেউ যদি গুনাহ করে আবার পাশাপাশি জিকিরও করে, তাহলে একদিন তার অন্তরে আল্লাহর জিকিরই থেকে যাবে। গুনাহ চলে যাবে। সুবহানাল্লাহ। তাই কখনো জিকির বন্ধ করবেন না। যে অবস্থাতেই থাকুন নীরবে জিকির করতে থাকুন।

একেক শবগুজারিতে আল্লাহর একেক নূর বণ্টন হয় উল্লেখ করে তিনি বলেন, কোনো শবগুজারি বাদ দেয়া যাবে না৷ শবগুজারিতে নিয়মিত আসতে হবে। কারণ একেক শবগুজারিতে আল্লাহ তাআলা তাঁর একেক নূর বণ্টন করেন। আল্লাহর সবরকমের নূর পেতে সব শবগুজারিতে আসতে হবে। যারা আজকে আসেন নাই তারা আল্লাহর আজকের নূর থেকে বঞ্চিত হয়েছেন।

Related Articles