পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তরাঞ্চলজুড়ে এখন প্রচণ্ড শীত। বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই আগামীকাল এক বিভাগে এবং দুদিন পর চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই ২৪ ঘণ্টা সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ওই সময়ের তাপমাত্রা সম্পর্কে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এসময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা কমতে পারে।


