পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী হতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর তাঁর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
তারিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ সেশনের নির্বাচনে তিনি সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কারণে স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


