পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও ধাপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ সময় মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। এ সময় উভয় ঘাটে আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। দুর্ভোগে পারে যাত্রী ও যানবাহন শ্রমিকরা।
আমির হোসেন নামের এক যাত্রী বলেন, ‘অনেক কষ্ট করছি। আমার এক আত্মীয় মারা গেছে তবুও যেতে পারছি না।’
রফিক নামে এক যাত্রী বলেন, ‘রাত ৩টা থেকে এসে বসে আছি এখন পর্যন্ত ফেরি ছাড়েনি।’
সিদ্দিক নামের ট্রাক ড্রাইভার বলেন, ‘গাড়িতে কাঁচামাল বোঝাই। দীর্ঘ সময় অপেক্ষা করলে কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছি। সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হলেও ঘাটে জ্যাম থাকায় আরও অপেক্ষা করতে হবে।’
ঘাটের এজিএম সালাম হোসেন বলেন, ‘কুয়াশা মাত্রা কেটে গেলে সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি স্বাভাবিক করা হয়েছে। ধীরে ধীরে যানজট স্বাভাবিক হবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটে গত দুদিন ধরে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’


