পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৪৭,৯৮৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বুধবার (২৯ মে) বাংলাদেশ হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য প্রকাশ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে আসা ৪৭,৯৮৫ জন হজযাত্রীর মধ্যে ৩,৭৪৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৪,২৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে সেখানে গেছেন।
এ পর্যন্ত সৌদি আরবে ১২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে ৫৮টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৮টি সৌদিয়া এয়ারলাইন্স এবং ২৫টি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে।
এ বছরের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত সংস্থার সংখ্যা ২৫৯টি।
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের প্রথম ফ্লাইট ৯ মে ছেড়েছে। হজ ফ্লাইট চলবে ১০ জুন পর্যন্ত। হজের পর ফিরতি ফ্লাইট ২০ জুন শুরু হবে এবং ২২ জুলাই শেষ হবে।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫,১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮,৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।


