১৭ ডিগ্রিতে আজ ঢাকার সকাল

১৭ ডিগ্রিতে আজ ঢাকার সকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় পুরোদমে শীত অনুভূত হচ্ছে এবং আজ সকালে রাজধানীর তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার ও আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক হতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

অন্যদিকে, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসাথে সারাদেশের দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles