পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইলিশ মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেল, এলপিজি সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশের বাজারে অভিযান চালিয়ে ৮৭ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেল, এলপিজি সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।
এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৪ জন কর্মকর্তার নেতৃত্বে ৪টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
সারাদেশে ৪৪টি দলের অভিযানের মাধ্যমে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


