পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনার প্রত্যাহার করলো ইসরায়েল। একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা এই প্রত্যাহার পর্যবেক্ষণের জন্য বুধবার (১২ ডিসেম্বর) বৈরুত সফর করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা একটি পোস্টে সেন্টকম জানিয়েছে, সেন্টকম কমান্ডার আর্মি জেনারেল মাইকেল কুরিল্লা যুদ্ধবিরতির জন্য বৈরুতে পর্যবেক্ষণ সদর দফতর পরিদর্শন করেছেন। এ সময় তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গেও দেখা করেছেন।
সেন্টকম বলেছে, ‘চুক্তির অংশ হিসেবে লেবাননের আল খিয়ামে প্রথমবারের মতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করতে এবং একইসঙ্গে সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী প্রতিস্থাপনের বিষয়ে নজরদারি করতে কুরিলা সেখানে ছিলেন।’
কুরিল্লা বলেছেন, ‘এটি একটি দীর্ঘস্থায়ী শত্রুতা বন্ধ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করে।’
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির পর্যবেক্ষক হিসেবে কাজ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহারের আহ্বান জানো হয়।
চুক্তির অধীনে হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননে তাদের অবস্থান ছেড়ে লিতানি নদীর উত্তরে চলে যাবে। নদীটি ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ২০ মাইল (৩০ কিলোমিটার) উত্তরে বয়ে গেছে।


