আন্তর্জাতিক পানিসীমায় আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮

আন্তর্জাতিক পানিসীমায় আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক পানিসীমায় মাদক পাচারের সন্দেহে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় আবারো আটজন নিহত হয়েছেন; মানবাধিকার সংগঠনগুলো এ হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে।

আন্তর্জাতিক পানিসীমায় মাদকবাহী সন্দেহে আবারো বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক পাচারবিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা কমপক্ষে ১১৫ জন দাঁড়াল।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, মঙ্গল ও বুধবার দু’দফায় এসব হামলা চালানো হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পানিসীমায় একসাথে চলাচলরত তিনটি ‘নার্কো-ট্রাফিকিং নৌকা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে প্রথম নৌকায় থাকা তিনজন নিহত হন। পরে অন্য দুই নৌকার যাত্রীরা সাগরে ঝাঁপ দেন এবং ওই নৌকা দু’টি ডুবিয়ে দেয়া হয়।

এ ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সমুদ্রে চলমান নৌকাগুলোতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার আরো দু’টি নৌযানে হামলা চালানো হয়েছে। এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

এর আগেও ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একই ধরনের হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন মাদক পাচারকারী ৩০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে।

তবে নৌযানগুলো যে সত্যিই মাদক পাচারের সাথে জড়িত, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ নিহতরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছেন। ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদকচক্র পরিচালনা করছেন।

তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র সরকার তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।

সূত্র : বাসস

Related Articles