গরম নিয়ে পূর্বাভাস, তিন দিনে তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

গরম নিয়ে পূর্বাভাস, তিন দিনে তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যে গরম নিয়ে দুঃসংবাদই এল। আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা আরও বাড়তে পারে। কিছু জেলার তাপমাত্রা উঠতে পারে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত।

এমনটাই আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি হবে বলেও পূর্বাভাস।

দেশে তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে জানিয়ে বিডব্লিউওটির পূর্বাভাস, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের আরও দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

আজ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত েউঠতে পারে নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা।

বিডব্লিউওটির তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Related Articles