পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া শনিবার (২৪ মে) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ৪ জন, দক্ষিণের খেরসন ও ওডেসা অঞ্চলে ৫ জন এবং উত্তরের খারকিভে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া কিয়েভকে লক্ষ্য করে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র ও ২৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে দিনিপ্রো, ওডেসা, খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়াও। টেলিগ্রামে এক বার্তায় বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘পুরো ইউক্রেনের জন্য এটা ছিল খুবই কঠিন একটি রাত।’ তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শহরের বিভিন্ন অংশে আগুন ধরে যায় এবং ধ্বংসাবশেষ পড়ে থাকে। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৩ জন নিহতের পাশাপাশি শহরে অন্তত ১৮ জন আহত হয়েছে। হামলার সময় কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ ও সাইরেন বাজতে শোনা যায়। রাতের আকাশে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছে।
ইউক্রেনের সংসদ সদস্য কিরা রুদিক জানান, তিনি সারা রাত কিয়েভে নিজের বাড়ির সিঁড়ির নিচে লুকিয়ে ছিলেন। সিএনএন-কে তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা ভয়ংকর ছিল, যেন প্রলয় নেমে এসেছে। চারদিকে বিস্ফোরণের শব্দ।’
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে ইউক্রেনের ৯৪টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর বেশিরভাগই বেলগোরদ ও ব্রায়ান্স্ক অঞ্চলে ছিল। আরও কিছু ড্রোন ভূপাতিত হয়েছে কুরস্ক, লিপেৎস্ক, ভোরোনেজ এবং তুলা অঞ্চলে। তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, সেখানে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন


