পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কুরআনুল কারীমের পর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সহীহ কিতাব হলো সহীহ বুখারী শরীফ। বুজুর্গানে দ্বীনের হাজার বছরের অভিজ্ঞতায় প্রমাণিত—বুখারী শরীফের খতমের পর যে কোনো নেক মাকসাদের জন্য দুআ করলে আল্লাহ তাআলা তা কবুল করে থাকেন।
এই মহিমান্বিত আমলের ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায় অবস্থিত, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী (রহ.)–এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দেশের অন্যতম প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশ–এর উদ্যোগে পবিত্র বুখারী শরীফের খতম, দাওরায়ে হাদীস শিক্ষাসমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে আগামী ০৯ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার, বাদ আসর থেকে এশা পর্যন্ত এক বৃহৎ দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর–কে জানান, এবারের খতমে বুখারী ও দুআ মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও মাশায়েখে আজামের অংশগ্রহণ প্রত্যাশিত। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হবে সম্মিলিত আখেরী মোনাজাত।
তিনি আরও জানান, এ বছর দাওরায়ে হাদীস সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদানের পাশাপাশি জামিআর তাহফিজুল কুরআন বিভাগের হাফেজ শিক্ষার্থীদেরও পাগড়ি প্রদান করা হবে, যা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, খতমে বুখারী উপলক্ষে জামিআ ইকরা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। আগত অতিথিদের বরণ করে নিতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এই মহতি আয়োজনকে কেন্দ্র করে জামিআ প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হচ্ছে।
জামিআ ইকরা বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান, তালেবে ইলম, আলেম-উলামা ও শুভানুধ্যায়ীদের উক্ত দুআ মাহফিলে উপস্থিত থেকে বরকত হাসিল করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।


