ফরিদপুরে পুলিশের লুট হওয়া গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

ফরিদপুরে পুলিশের লুট হওয়া গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া তিনটি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১০। বুধবার রাতে ফরিদপুর শহরের বিএডিসি এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করে।

বৃহস্পতিবার র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, চব্বিশের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের মাধ্যমে সারাদেশে আতঙ্ক সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু থেকেই র‍্যাব পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে আসছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার পর র‍্যাব তাদের তৎপরতা আরও জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিএডিসি দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

Related Articles