গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলদার ইসরাইলি বাহিনীর তাণ্ডবে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৩৮ ফিলিস্তিনির। খান ইউনিস, নুসাইরাত শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।

প্রায় এক বছর ধরে চলছে গাজায় ইসরাইলি সহিংসতা। নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে উপত্যকাটিতে চলছে হত্যাযজ্ঞ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কোথাও ছুটে গিয়েও মিলছে না একটুখানি নিরাপদ আশ্রয়। অসহায় গাজাবাসী এখন প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। এছাড়া, দক্ষিণ পশ্চিম গাজায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে নারী শিশুসহ প্রাণ হারান কয়েকজন। খান ইউনিসের বাস্তুচ্যুত তাবুতেও আগ্রাসন চালায় দখলবাহিনী। সেখানেও শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।

এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু, উপত্যকাটিতে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরাইলকে চাপ দিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা গাজী হামাদ। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য হামাস নমনীয়তার সঙ্গে কাজ করলেও নেতানিয়াহু সরকার এই আলোচনাকে বাধাগ্রস্ত করছে।

এদিকে, ইসরাইলের অভ্যন্তরে দেখা দিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তেল আবিবের একাধিক গণমাধ্যম বলছে, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার কথা ভাবছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গেল কিছুদিন ধরেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে আন্তঃসীমান্ত উত্তেজনা বাড়ায় সরকারের কৌশল নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরাইলের ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় এখন পর্যন্ত ৪১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Related Articles