পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় মো. আল আমিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে মহানগরের পূর্ব বানিয়াখামার লোহার গেটে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক। তিনি পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে পূর্ব বানিয়াখামার এলাকার মামুনের গ্যারেজে বসেছিলেন আল আমিন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান ও বাম পায়ের হাঁটু, বাম হাতের আঙুলসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
ঘটনার পর স্থানীয়রা আল আমিনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লোহারগেট গ্যারেজ মালিক তৈয়েবুর রহমান মামুনকে আটক করেছে।
স্থানীয়রা আরও জানান, প্রায় দুই মাস আগে আল আমিন পুলিশের হাতে আটক হন। তার স্বীকারোক্তিতে পুলিশ মিস্ত্রিপাড়া এলাকা থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। সম্প্রতি আল আমিন কারগার থেকে মুক্তি পান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’


