রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেফতার

রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাকে গ্রেফতার করে।

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দিমিত্রি বুলকাভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতির অভিযোগ ওঠে। এজন্য তাকে পদচ্যুত করা হয়। পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সকে এফএসবির এক কর্মকর্তা বলেন, তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুলগাকভকে গ্রেফতার করা হয়।

গত কয়েক বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর মধ্যে অন্যতম হলো দিমিত্রি বুলগাকভের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ।

এর আগে গত ২৩ এপ্রিল রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইভানভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে পদচ্যুত ও গ্রেফতার করা হয়। সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ ছিলেন তিমুর ইভানভ।

তারপর থেকে এ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গ্রেফতার হলেন বুলগাকভ। তার গ্রেফতারের পর রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর।

৬৯ বছর বয়সি বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *