পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি স্থায়ী কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জানাজা ও দাফন অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিয়মিত কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন থাকবে।
দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।


