হঠাৎ স্থগিত ১১০ টাকায় তেল বিক্রির সিদ্ধান্ত

হঠাৎ স্থগিত ১১০ টাকায় তেল বিক্রির সিদ্ধান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আকাশছোঁয়া দামের সয়াবিন তেল নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় আজ সোমবার (১৬ মে) থেকে ১১০ টাকা লিটারে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকে করে সয়াবিন তেল বিক্রি করার কথা জানিয়েছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু হুট করেই গতকাল রোববার রাতে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

টিসিবির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে খোলা বাজারে পণ্য বিক্রি বাতিল করা হয়েছে। এতদিন যেভাবে স্বল্পদামে পণ্য বিক্রি করেছে টিসিবি, তাতে কোনো কোনো ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে প্রকৃত সুবিধাভোগীর কাছে পণ্য পৌঁছানো সম্ভব হয়নি। তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যামিলি কার্ডের।

এই কার্যক্রমের আওতায় প্রথমে নির্দিষ্ট ব্যক্তির কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এরপর শুধু সেই কার্ডধারী ব্যক্তিদের কাছেই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে করে প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছবে সরকারের ভর্তুকী দেওয়া পণ্য। আগামী জুনের মধ্যেই সারাদেশের এক কোটি মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

টিসিবি থেকে সাধারণ মানুষ যেভাবে পণ্য কিনতেন, কার্ডধারীরা সেভাবেই পণ্য কিনতে পারবেন। পণ্যের মধ্যে থাকবে- ভোজ্যতেল, মশুর ডাল, চিনি। পরিস্থিতি বিবেচনায় এর তালিকায় সংযোজন-বিয়োজন করবে টিসিবি। এক কোটি মানুষের হাতে কার্ড পৌঁছে গেলেই শুরু হবে বিক্রি কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *