পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পুরান ঢাকার বংশালের আগাসাদেক রোড এলাকার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের দুই নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ইমরান (৩১) ২০%, , শাহাজাদী (২৪) ৩৮%, ইসরাফিল (৬০) ৩৭%, সালেমা বেগম (৪৮) ৪৯% দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ওই ভবনের দেয়াল আংশিক ধসে পড়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটে।
জানা গেছে,পুরান ঢাকার আগা সাদেক রোডের ৫৬ নম্বর বাসায় বিস্ফোরণ হলে উল্লিখিত ব্যক্তিরা দগ্ধ হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় চারজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভোরে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে। তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হয়েছে, সে ব্যাপারে দগ্ধ ব্যক্তিরা কিছুই জানাতে পারেনি।


