বিএনপির রাজনীতি পদ্মার গহীন অতলে নিমজ্জিত : কাদের

বিএনপির রাজনীতি পদ্মার গহীন অতলে নিমজ্জিত : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত। সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে একথা বলেন তিনি।

সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন – বিএনপি মহাসচিবের এমন কাল্পনিক ও অসার বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপির হতাশা এবং রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।

শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস, তাই সরকারের কোন উদ্বেগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।

বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা করেছিলো কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মাসেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারে নি।

মন্ত্রী বলেন, এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তবুও বিএনপি অপরিণামদর্শী রাজনীতির চর্চা করে যাচ্ছে।

বিএনপি দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্রপ্রিয় জনবিরোধী অপশক্তি।

বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *