সারাদেশেই বৃষ্টি হতে পারে

সারাদেশেই বৃষ্টি হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবারও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট- এই চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্য চার বিভাগে বৃষ্টির প্রবণতা একটু কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জুন) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ জুন) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগে। এসময় সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা, এরই মধ্যে এক পশলা বৃষ্টিও হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে মনোয়ার হোসেন বলেন, আগামী তিনদিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *