দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে

দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষর করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনা, রাঙামাটি ও হাতিয়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মংলায় ৪৬ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় বাতাসের গতি ছিল দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সন্ধ্যায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *