দেশটাকে নরকে পরিণত করেছে সরকার : ফখরুল

দেশটাকে নরকে পরিণত করেছে সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়েরের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি জোরদার করেছে, তাতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।

তিনি বলেন, সরকার দেশকে বিএনপি শূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। জনকল্যাণ নয় বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়েরের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার। এ ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে- সরকারের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।

বিএনপি মহাসচিব বলেন, এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি আসবে না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না।

মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা বিএনপির নেতা ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অহিদুল ইসলামসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *