কারিগরি-মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ৫ কোটি টাকা

কারিগরি-মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ৫ কোটি টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কারিগরি-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে ৫ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।

প্রতি বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধী, জটিল ও ব্যয়বহুল রোগী, দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের সহায়তা হিসেবে এ অনুদান দেয়া হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ নির্বাচিতদের এ অর্থ প্রদান করা হবে। নগদের সঙ্গে এ বিভাগের চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিধি মোতাবেক এ অর্থ বিতরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শর্তে বলা হয়েছে, মনোনীত প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ হাজার করে ৩০০টি প্রতিষ্ঠানে মোট ৭৫ লাখ টাকা, শিক্ষক-কর্মচারীদের প্রত্যেককে ১০ হাজার করে ৫০০ জনকে এ অর্থ প্রদান করতে হবে। ইবতেদায়ী (১ম থেকে ৫ম) পর্যন্ত ৭৬৬ জন শিক্ষার্থীকে ৩ হাজার করে মোট প্রায় ২৩ লাখ টাকা প্রদান, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ৪ হাজার ৫০১ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে ২ কোটি ২৫ লাখ ৫০০ টাকা, এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যায়ে ১ হাজার ৪৯২ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে সাড়ে ৮৯ লাখ এবং কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৫৩৫ জনকে ৭ হাজার করে প্রায় ৩৭ লাখ টাকা প্রদান করতে বলা হয়েছে।

শর্তে আরও বলা হয়েছে, অনুদানের অর্থ মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে অর্থ বিতরণ করে বিস্তারিত প্রতিবেদন বিতরণকারী প্রতিষ্ঠানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করতে হবে। কেউ দুইবার মঞ্জুরি হয়ে থাকলে সে ক্ষেত্রে তাকে এক দফায় অর্থ ছাড় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রদান করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ কারি করা হয়েছে বলেও তাতে উল্লেখ করা হয়।

জানা গেছে, অনুদান প্রদানে গত বছরের মার্চে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়। এরপর আবেদন যাচাই-বাছাই করে আলাদাভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে অনুদানের অর্থ ছাড় দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *