পানির মূল্য ৫% বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

পানির মূল্য ৫% বাড়াচ্ছে ঢাকা ওয়াসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির মূল্য ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।

বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩ বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ বলেন, পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর হতে কার্যকর হবে। এটা আবাসিক ও বাণিজ্যিক- দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সর্বশেষ ২০২১ সালের ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায় ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির মূল্য বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে ৪২ টাকা।

মূল্য বৃদ্ধির পর ইউনিট প্রতি ৭৫ পয়সা বেড়ে আবাসিক সংযোগে দাম পড়বে ১৫ টাকা ৯৩ পয়সা, আর বাণিজ্যিকে ২ টাকা ১০ পয়সা বেড়ে ইউনিট প্রতি মূল্য হবে ৪৪ টাকা ১০ পয়সা।

বোর্ড সদস্য দীপ আজাদ আরও বলেন, ‘এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে। সেটাই করা হয়েছে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিশেষ বোর্ড সভায় উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *