পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাসের ধাক্কায় আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজার বুথ। এ ঘটনায় বাস আটক করে থানায় নেওয়া হয়েছে। শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে শরীয়তপুর এক্সপ্রেস এর একটি বাস সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায়র ঐ বুথে ধাক্কা দেয়।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে, বাস চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ চাইলে মামলা দায়ের করা হবে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন গণমাধ্যমে বলেন, একটি বাস ২ নং টোল বুথে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোলপ্লাজার ক্ষতি করেছিল। তখন মেরামতের জন্য জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়। এবারও হয়ত সে রকম ব্যবস্থা নেওয়া হবে। বাসটি আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।


