১৫ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

১৫ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে সরকার।

মন্ত্রী বলেন, বন্যার কারণে অনেক শিক্ষার্থীদের বই পানিতে ভেসে গেছে। আমরা আগস্টের মাঝামাঝি পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আগিস্টের মাঝামাঝি আবারো বন্যার সম্ভাবনা আছে। যেকারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা নভেম্বরের শুরুতে নেয়া হবে বলে জানান তিনি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে তারা নাইন-টেনের ক্লাস করছেন। এতদিনে তাদের কলেজে ক্লাস করার কথা। কিন্তু করোনা ও বন্যার কারণে তাদের একাডেমিক ক্যালেন্ডার লন্ডভন্ড হয়ে গেছে।

বোর্ডের প্রস্তুতির বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এখনো সিলেটের কিছু শিক্ষাপ্রতিষ্ঠার পাঠ কার্যক্রমের জন্য পুরোপুরি উপযুক্ত হয়নি। আমরা আশা করছি চলতি মাসেই সব প্রতিষ্ঠান পরীক্ষা আয়োজনের জন্য উপযুক্ত হয়ে যাবে। এর পর পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।

এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *