রাশিয়ার পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করবে জাতিসংঘ

রাশিয়ার পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করবে জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের কর্মকর্তাদের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফোনালাপের পর ক্রেমলিন এই ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি নিয়ে চিন্তিত।

জাপোরিঝিয়াকে ঘিরে সামরিক তৎপরতার অবসান ঘটাতে হবে এবং মস্কোকে পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

গত মার্চ থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনীয় প্রযুক্তিবিদরা এখন রাশিয়ার নির্দেশে এটি পরিচালনা করছে।

ফরাসি ও রুশ নেতাদের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন জানিয়েছে, পুতিন জাতিসংঘের তদন্তকারীদের জাপোরিঝিয়া পরিদর্শন করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সম্মত হয়েছেন।

ক্রেমলিন বলেছে, উভয় নেতাই পরিস্থিতি মূল্যায়নের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞদের প্ল্যান্টে পাঠানোর গুরুত্ব উল্লেখ করেছেন।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক পুতিনের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন- তিনি নিজেই প্ল্যান্ট পরিদর্শনে নেতৃত্ব দিতে ইচ্ছুক।

রাফায়েল গ্রোসি বলেন, যুদ্ধের এ সময় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা এবং নিরাপত্তাকে আরও হুমকিতে ফেলতে পারে এমন কোনো নতুন পদক্ষেপ না নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া জাপোরিঝিয়াকে একটি সেনা ঘাঁটিতে পরিণত করেছে। পারমাণবিক কেন্দ্রটিতে সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং প্রায় ৫০০ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *