তুরস্কের তাকসিম মসজিদে হাফেজদের সম্মাননা

তুরস্কের তাকসিম মসজিদে হাফেজদের সম্মাননা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত তাকসিম মসজিদ পরিচালিত হিফজ ইনস্টিটিউটে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) মসজিদে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩১ শিক্ষার্থীকে এ সম্মাননা সনদ দেওয়া হয়। এর আগে তারা দেশটির ধর্ম অধিদপ্তরের কেন্দ্রীয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে এ তথ্য জানা যায়।

তাকসিম মসজিদ পরিচালিত হিফজ ইনস্টিটিউটের পরিচালক রজব জেনিক বলেন, পবিত্র কোরআন হিফজ সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের সব প্রচেষ্টা সাফল্য বয়ে এনেছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সাক্ষর রেখেছেন শিক্ষার্থীরা।

এদিকে ধর্ম অধিদপ্তরের হিফজ বিভাগের প্রধান ইবরাহিম ইয়ালমাজ জানান, তুরস্কে প্রতি বছর ১২ হাজারের বেশি লোক পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের সনদ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ মে জুমার নামাজের মাধ্যমে তাকসিম স্কয়ারের মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৬ হাজার ৭১৬ বর্গ ফুট আয়োতনের এ মসজিদে একসঙ্গে চার হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারেন। ইস্তাম্বুলের ব্যস্ততম এ স্থানে নির্মিত মসজিদটি ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্যের অনন্য সংযোজন বলে মনে করা হয়। সর্বপ্রথম ১৯৫০ সালে ইস্তাম্বুলের মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় তা বন্ধ থাকে। অবশেষে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয়।

  • সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *