আরও ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কমে একশো জনের নিচে নেমেছে। যদিও গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দুই শতাধিক ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে নতুন করে ৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৬ জনে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ১৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৭১ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ১৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৭৭৬ জনের মধ্যে ৬৫২ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১২৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৩০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ১৪২ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৬৪৯ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬৪৩ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *